নিজস্ব প্রতিবেদক:রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আরও এক জন ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেপ্তার হলেন।
গ্রেপ্তারের নাম জানে আলম অপু। গ্রেপ্তার অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে চাঁদাবাজির ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।