শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সাতক্ষীরা-৩ এবং ৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯৯ Time View

শ্যামনগর প্রতিনিধি: জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া গেজেট বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে শ্যামনগর চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আসন পুনর্বিন্যাসের নামে শ্যামনগরবাসীর সঙ্গে চরম অবিচার করা হয়েছে। দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর ও আশাশুনিকে একত্রিত করে একটি আসনে রূপান্তরিত করায় উভয় উপজেলার মানুষের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি হবে। এ দুই উপজেলা বহু ব-দ্বীপ ও দুর্যোগপ্রবণ এলাকা নিয়ে গঠিত। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিদিন লড়াই করে এখানে মানুষের জীবন-জীবিকা চলে।
তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্যোগপীড়িত এই দুই উপজেলাকে একই আসনে অন্তর্ভুক্ত করা জনবিরোধী সিদ্ধান্ত। আমরা দাবি জানাই, পূর্বের মতো শ্যামনগরকে একক আসন রাখা হোক, অথবা শ্যামনগর ও কালিগঞ্জকে একত্র করে আলাদা আসন গঠন করা হোক।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা। অথচ একে পূর্ণাঙ্গ সংসদীয় আসন না দিয়ে বিভক্ত করে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং আগের মতো সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে হাজারো নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews